শৈলকুপায় বাস তল্লাশি করে আনুমানিক ৫২ লাখ টাকার হেরোইন উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫২২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৬। বুধবার দুপুরে কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘রূপসা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই মাদক জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ টাকা।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ইমামিম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বাসের এক যাত্রীর ব্যাগ থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামতসহ শৈলকুপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।