শৈলকুপা উপজেলা পর্যায়ে শীর্ষে শৈলকুপা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিবেদক, শৈলকুপা:
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পর্যায়ে পাসের হারের দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শৈলকুপা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত ফলাফলের তালিকায় এই সাফল্যের তথ্য উঠে এসেছে।প্রতিষ্ঠানটির এবছর পাশের হার ৮৮.৯৯%।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১০৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে কৃতিত্বের সাথে পাস করেছে ৯৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ (এ প্লাস) পাওয়ার গৌরব অর্জন করেছে ২০ জন পরীক্ষার্থী। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব ফজলুর রহমান এই ঈর্ষণীয় সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে থানা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। এই গৌরবময় সাফল্য উদযাপন করতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সদ্য পাস করা কৃতি শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের মিষ্টিমুখ করানো হয়।
বিদ্যালয়ের এই অনন্য সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উপজেলা পর্যায়ে নারী শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানটি আগামীতেও তাদের সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
No tags found for this post.
মন্তব্য করুন